দৃশ্যগত শিল্পসত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা
আদিম যুগ থেকেই মানুষ শিল্পে বেঁচে আছে এবং চারপাশে সর্বত্র শিল্পের ছাপ রাখছে। কিন্তু এখন, একবিংশ শতাব্দীতে এসে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল চিন্তা করতে শিখছে না বরং শিল্পও সৃষ্টি করতে পারছে, তখন এক প্রশ্ন উঠে আসে—শিল্প কি এখন মানুষের একচেটিয়া গুণ থাকছে না?
শিল্পচর্চার ইতিহাস ও বিকাশ বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে হাজার বছর আগে প্রস্তর যুগে। সেই সময়ের গুহাচিত্র, বাদ্যযন্ত্র ও ভাস্কর্য আমাদের জানায় মানুষ কেবল অস্তিত্ব রক্ষায় নয়, সৌন্দর্য প্রকাশে ও অনুভূতি ভাগাভাগি করতেও চেষ্টা করত। এই প্রবণতা ভাষা, আবেগ ও সামাজিকতার সঙ্গে মিলে মানুষের চিন্তা কাঠামোর বিকাশ ঘটায়।
শিশুদের মতো মানুষও দেখতে শিখে, দেখতে দেখেই ভাবতে শেখে। এই দেখার অভিজ্ঞতা থেকেই সৃষ্টি হয় দৃশ্যগত শিল্পকলা। রবার্ট সলসোর মতে, ভিজ্যুয়াল আর্ট মূলত মানুষের কগ্নিশনের বহিঃপ্রকাশ। এই চিন্তা–বোধ ও প্রকাশের পদ্ধতি আমাদের ভাষার আগেও গঠিত হয়েছিল, যা গুহাচিত্রের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব এ চর্চাকে প্রশ্নের মুখে ফেলেছে। অ্যালান টিউরিং ও তার উত্তরসূরিদের হাত ধরে যে AI এখন তৈরি হচ্ছে, তা শুধু ছবি আঁকছে না, তা মানুষকে অনুকরণ করে গল্প বলছে, রং বাছছে, এমনকি আবেগের প্রকাশও নকল করতে পারছে।
কিন্তু প্রশ্ন থেকে যায়—AI কি অনুভব করে? মানুষের মস্তিষ্কের স্মৃতিপ্রবণতা, আবেগের বৈচিত্র্য ও অর্থপ্রতীক বোঝার ক্ষমতা কি একটি কোড-চালিত যন্ত্রে সম্ভব? এ প্রশ্নের উত্তর এখনও সুস্পষ্ট নয়। তবে এটা বলা যায়, ভবিষ্যতের শিল্পচর্চায় মানব ও যন্ত্রের সংমিশ্রণ একটি নতুন মাত্রা আনবে।
মানবসৃষ্ট শিল্পের ঐতিহাসিক বিকাশ এবং মানব চিন্তার প্রক্রিয়ার গভীরতা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে তা একই সঙ্গে একটি সম্ভাবনার দিকও উন্মোচন করছে—যেখানে মানুষ ও যন্ত্র মিলে তৈরি করতে পারে এক নতুন শিল্পজগত, যেখানে সৃষ্টিশীলতা পাবে নতুন রূপ ও ভাষা।
